জ্বালানি সংকটে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ, মোটরসাইকেল চালকদের বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
জ্বালানি তেল না পেয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল চালক রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৩ এপ্রিল) সকালে শহরের রাজবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স এসএন পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশন-এর সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালকরা সড়কে অবস্থান নেন। এতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

জানা গেছে, স্থানীয় প্রশাসন গত সপ্তাহে ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট সময় ও রুটিন অনুযায়ী জ্বালানি বিক্রির নির্দেশনা দেয়। সে অনুযায়ী সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সপ্তাহে তিন দিন অকটেন এবং তিন দিন ডিজেল বিক্রি করার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়সীমার কারণে অনেক চালক তেল সংগ্রহ করতে না পেরে ভোগান্তিতে পড়ছেন।
বিক্ষোভকারী মোটরসাইকেল চালকরা অভিযোগ করেন, পাম্পে জ্বালানি থাকলেও সময়সীমার কারণে সবাই তেল পাচ্ছেন না। প্রতিদিন কত পরিমাণ তেল সরবরাহ করা হবে এবং কতজন গ্রাহক তা পাবেন—এ বিষয়ে আগে থেকে জানানো হলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না।
বাইক রাইডার রাহুল চাকমা বলেন, “প্রতিদিন বাইক চালিয়ে পণ্য সরবরাহ করতে হয়, কিন্তু যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ১১টার পর তেল দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় তেল পাইনি।”

ফিলিং স্টেশনটির ম্যানেজার মো. ছিদ্দিক জানান, নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “আজ প্রায় এক হাজার গ্রাহককে ৫০০ টাকার করে অকটেন দেওয়া হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে। তবে তেল সরবরাহের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক না ছাড়ার অবস্থান নেয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, “রাজবাড়ি এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে জ্বালানির দাবিতে সাময়িক সড়ক অবরোধ করা হয়েছিল। পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, সাময়িক এই জ্বালানি সংকট নিরসনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।