রাঙামাটির বরকলে ভারত থেকে আসা কোটি টাকার পপি বীজ উদ্ধার করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ পপি বীজ (পোস্তদানা) উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব পপি বীজ জব্দ করে।
বিজিবি জানায়, কর্ণফুলী নদীর বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেটের সামনে ছোটহরিণা থেকে রাঙামাটিগামী দুটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়। তল্লাশির সময় নৌকাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
পরে সেখান থেকে মোট ৩ হাজার কেজি পপি বীজ জব্দ করা হয়।
উদ্ধারকৃত পপি বীজের আনুমানিক বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা বলে জানানো হয়েছে। এসব বীজ ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পপি বীজ চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।