বান্দরবানের রোয়াংছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বসতঘর পুড়ে ছাই
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তাইম্রছড়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বিনিময় তংচঙ্গ্যার রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দ্রুতই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সময় ঘরগুলোতে থাকা মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে চারটি ঘর পুড়ে গেছে এবং বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. ইফতেকার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে দুটি আধাপাকা ও দুটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসচেতনতা ও নিরাপত্তাহীনতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাকে সামনে এনে দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।