ভারতে পুলিশি হেফাজতে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা: ৯ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
![]()
নিউজ ডেস্ক
ভারতের তামিলনাড়ুর মাদুরাই আদালত পুলিশি হেফাজতে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ইনস্পেক্টর পদমর্যাদার এক কর্মকর্তাসহ মোট ৯ জন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে ঘটনাটিকে চরম নির্মমতা, ক্ষমতার অপব্যবহার এবং ‘অত্যন্ত বিরল অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইনস্পেক্টর এস শ্রীধর, সাব-ইনস্পেক্টর পি রঘু গণেশ ও কে বালাকৃষ্ণন, হেড কনস্টেবল এস মুরুগান ও এ সামাদুরাই এবং কনস্টেবল এম মুধুরাজ, এস চেল্লাদুরাই, এক্স থমাস ফ্রান্সিস ও এস ভেইলুমুতো। মামলার দশম আসামি বিশেষ সাব-ইনস্পেক্টর পলদুরাই বিচার চলাকালীন কোভিড-১৯-এ মারা যান।
২০২০ সালের জুন মাসে তামিলনাড়ুর সাতানকুলম এলাকায় ব্যবসায়ী পি জয়ারাজ (৫৯) ও তাঁর ছেলে জে বেন্নিক্স (৩১)-কে পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে নেয়। অভিযোগ, কোভিডবিধি লঙ্ঘনের দায়ে আটক করার পর তাদের ওপর রাতভর নির্যাতন চালানো হয়, যার ফলে তাদের মৃত্যু হয়।
ছয় বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর আদালত একসঙ্গে ৯ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেন, যা ভারতের বিচারিক ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিচারক জি মুধুকুমারন রায়ে তদন্তকারী সংস্থা Central Bureau of Investigation (সিবিআই)-এর উপস্থাপিত যুক্তিকে সমর্থন করে বলেন, পুলিশি হেফাজতে নির্যাতনটি পূর্বপরিকল্পিত ছিল এবং তা রাতভর চালানো হয়। তিনি উল্লেখ করেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিই প্রযোজ্য।
উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালে তামিলনাড়ুর তুতিকোরিন জেলার থালামুথু নগর থানায় তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় এক ডিএসপি-সহ ৯ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।