গুইমারার কুকিছড়ায় ইউপিডিএফ সন্ত্রাসীর বাড়িতে সেনা অভিযান, দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার কুকিছড়া এলাকায় ভোররাতে পরিচালিত এক ঝটিকা অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অভিযানের সময় উপস্থিত প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক উপজাতিভিত্তিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের দুই সন্ত্রাসী অন্ধকার ও দুর্গম ভূপ্রকৃতির সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে—এমন তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙ্গা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেনাসদস্যরা ইউপিডিএফ সংশ্লিষ্ট পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করলে সেখানে অবস্থানরত দুইজন সদস্য দ্রুত পালানোর চেষ্টা করে। তারা দৌড়ে নিকটবর্তী একটি ছড়ায় ঝাঁপ দিয়ে অন্ধকারের সুযোগে পাহাড়ি জঙ্গলে আত্মগোপন করে। সেনাবাহিনী তাদের ধাওয়া করলেও দুর্গম এলাকার কারণে আটক করা সম্ভব হয়নি।
পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, ৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র তৎপরতা দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে, যা সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।