যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দল, শর্তের ব্যাপারে অনড়
![]()
নিউজ ডেস্ক
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
প্রতিনিধি দলটিকে ইসলামাবাদে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের একঝাঁক শীর্ষ নীতি-নির্ধারক। তাদের মধ্যে ছিলেন- উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি জানিয়েছেন, ইরান আত্মবিশ্বাসের সাথে ইসলামাবাদ আলোচনায় প্রবেশ করেছে। এ আলোচনা অনুষ্ঠিত হওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয় বলেও জানান তিনি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রাম্প গত ৬ মার্চ পর্যন্তও নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন আলোচনার টেবিলে বসেছে।
খারাজমি বলেন, ইরান তার শর্তগুলোর ব্যাপারে অনড় এবং অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নেওয়া হবে, হয়ত এই পর্বে নয়, কিন্তু পরবর্তী পর্বগুলোতে।

হরমুজ প্রণালি প্রসঙ্গে খারাজমি বলেন, এই জলপথের নিয়ন্ত্রণ ইরানের দর কষাকষির মূল ভিত্তি এবং সর্বোচ্চ নেতা আবারও স্পষ্ট করে দিয়েছেন-এটি সহজে ছেড়ে দেওয়া হবে না। তিনি ইঙ্গিত দেন, ইরান এই প্রণালীকে যুদ্ধের খরচ পুনরুদ্ধারের একটি উপায় হিসেবে দেখে।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ওয়াশিংটনের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার প্রতিনিধি দলটিকে স্বাগত জানানোর পাশাপাশি আসন্ন আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান এই সংকটের একটি দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধানের লক্ষ্যে পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা ও সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”
দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা নিরসনে আজ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।