দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী, আর্থিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে দীঘিনালা জোনের আয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে গত ২৭ মার্চ বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।
এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে ব্যবসা হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। এ অবস্থায় সেনাবাহিনীর এ সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয়রা বলেন, দুর্গম পার্বত্য এলাকায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম শুধু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।