আলীকদমে আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় সামরিক সক্ষমতা বাড়াতে নতুন দিগন্তের সূচনা হলো। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আলীকদম সেনানিবাসে নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ এপ্রিল এই পরিদর্শন ও উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।
উদ্বোধনের আগে সেনাবাহিনী প্রধান আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

সেনাবাহিনী সূত্র জানায়, দেশের সমতল অঞ্চলের পাশাপাশি পার্বত্য ও জঙ্গলপূর্ণ দুর্গম এলাকায় পেশাদারিত্বের সঙ্গে আভিযানিক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠা করা হয়েছে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’।
নতুন এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেনাসদস্যদের প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করবে।

প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে সেনাসদস্যরা আধুনিক যুদ্ধকৌশল, জঙ্গলভিত্তিক অভিযানের কৌশল, বেঁচে থাকার দক্ষতা এবং উচ্চমাত্রার শারীরিক ও মানসিক সহনশীলতা গড়ে তোলার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-এর জেনারেল অফিসার কমান্ডিং, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে এই ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।