খাগড়াছড়িতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৭৯ হাজারের বেশি শিশু
![]()
নিউজ ডেস্ক
সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে আগামীকাল থেকে খাগড়াছড়িতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় মোট ১ হাজার ৫১৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৭৯ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বিদ্যালয় পর্যায়ে টিকাদান কার্যক্রম ৩ দিন এবং কমিউনিটি পর্যায়ে ৮ দিনব্যাপী চলবে। অভিভাবকদের নিকটস্থ কেন্দ্র থেকে শিশুদের টিকা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সময় আরও জানানো হয়, খাগড়াছড়ি জেলা থেকে সন্দেহজনক ৩৩টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলেও এখন পর্যন্ত প্রাপ্ত সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর এসআইএমও ডা. উৎপল চাকমা এবং মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা।
প্রসঙ্গত, হাম ও রুবেলা প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি এ ধরনের বিশেষ ক্যাম্পেইন শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।