বন্ধ ঘোষণার পরও চেঙ্গী নদী থেকে বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় চেঙ্গী নদীর তীর থেকে বন্ধ ঘোষণাকৃত বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দক্ষিণ গঞ্জপাড়া ও জরিন্দা ঘাট এলাকায় স্কেভেটর ব্যবহার করে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্যিক পরিবহনের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

প্রশাসন জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারায় এ সাজা প্রদান করা হয়েছে। এর আগে একই আইনের ৯(৫) ধারার বিধান অনুযায়ী গত ৩০ মার্চ জেলা সদরের গঞ্জপাড়া ও মুসলিমপাড়া বালু মহাল বিলুপ্ত ঘোষণা করা হয়।
তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বালু উত্তোলন অব্যাহত থাকায় স্থানীয়ভাবে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কঠোর নজরদারি সত্ত্বেও অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।