মহালছড়িতে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
জানা যায়, সেনাবাহিনীর মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মোঃ চিশতীর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকা এবং সদর ইউনিয়নের কলাবাজার এলাকায় পৃথকভাবে তল্লাশি পরিচালনা করা হয়।
এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ এরশাদ মিয়া (৪২), নাজমা আক্তার (২৮), শানু আক্তার (৩০), সুখি আক্তার (১৮) এবং জাহাঙ্গীর আলম (৫০)।
পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবারের অভিযোগ ছিল, যা স্থানীয় যুবসমাজের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছিল। যৌথবাহিনীর এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।