জাতিসংঘে রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন, সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘের United Nations Permanent Forum on Indigenous Issues-এর ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে উপস্থাপিত বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বান্দরবান শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
এসময় সংগঠনের সহ-সভাপতি নুরুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য আবদুস শুক্কুর, সদস্য মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত ইউএনপিএফআইআই-এর অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা ‘আদিবাসী ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন, যা তারা নিন্দনীয় বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং দেশের বিরুদ্ধে অপপ্রচার হিসেবে বিবেচিত হতে পারে। তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফোরামে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন বন্ধ করতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থাপনা পুনর্মূল্যায়ন জরুরি। তিনি পার্বত্য শান্তি চুক্তি বাতিল, পাহাড়ে সকল জনগোষ্ঠীর সমমর্যাদা নিশ্চিত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিরাপত্তা জোরদারে সেনা ক্যাম্প পুনঃস্থাপনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে উত্থাপিত বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।