টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার হোসেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত জাফর আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাহারছড়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাজার ছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মোক্তার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীসহ ওই পথচারী গুরুতর আহত হন।
নিহতের ছোট ভাই রেজাউল করিম বলেন, “আমার বড় ভাই সকালে বাড়ি থেকে বের হয়ে টেকনাফ যাওয়ার পথে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। আজ মঙ্গলবার মাগরিবের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।”
আহতদের মধ্যে হোসেন আহমদ (২৮) নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি উখিয়া উপজেলার মনখালী এলাকার বাসিন্দা। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপারের সময় এক কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।
টেকনাফ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।