কাপ্তাই হ্রদের মাছ আহরণে নতুন রেকর্ড, বিএফডিসির রাজস্ব আয় সর্বোচ্চ পর্যায়ে
![]()
নিউজ ডেস্ক
কাপ্তাই হ্রদ থেকে আহরণকৃত মাছের রাজস্ব আদায়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। সুষ্ঠু ব্যবস্থাপনা, মনিটরিং ও আহরণ প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় থাকায় চলতি মৌসুমে উল্লেখযোগ্য এই সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিএফডিসি সূত্রে জানা যায়, গত নয় মাসে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছে বিএফডিসি ঘাটে। এসব মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ২২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় চার কোটি টাকা বেশি। ২০২৪-২৫ মৌসুমে রাজস্ব আদায় ছিল ১৮ কোটি ৬০ লাখ টাকা এবং ওই সময়ে মাছ আহরণ হয়েছিল প্রায় ৯ হাজার মেট্রিক টন।
গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মৎস্য সম্পদের প্রজনন, বংশবৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ আহরণ নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে রাজস্ব আয় বৃদ্ধি পেলেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো দৃশ্যমান পরিবর্তন না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় প্রায় তিন থেকে চার মাস তারা কর্মহীন থাকেন, ফলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হয়। এই সময়ে বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
রাঙামাটি জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন বলেন, “নিষেধাজ্ঞা সময়ে অবৈধ মাছ শিকার রোধের পাশাপাশি জেলেদের খাদ্য সহায়তা বাড়ানো গেলে রাজস্ব আরও বৃদ্ধি পাবে।”
রাঙামাটি অঞ্চল বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, “সঠিক তদারকি, কঠোর মনিটরিং এবং মাছ আহরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার শৃঙ্খলা বজায় থাকায় এই সাফল্য এসেছে।”
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের দুই মাসের জন্য ২০ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে। এ সহায়তা ৪০ কেজিতে উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, এবছর হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। কাপ্তাই হ্রদের মাছ আহরণের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৭ হাজার জেলে পরিবার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।