জাতিসংঘ অধিবেশনে ‘বিভ্রান্তিকর বক্তব্যের’ প্রতিবাদে বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ‘রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য’ প্রদানের প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে সিএইচটি সম্প্রীতি জোটের আয়োজনে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক থোয়াইচিং মং শাক বলেন, জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সত্য, ন্যায় ও মানবিক মর্যাদার পক্ষে কথা বলার জায়গা হলেও সাম্প্রতিক অধিবেশনে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)-এর প্রতিনিধি অগাস্টিন চাকমা ও চঞ্চনা চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিমূলক, অতিরঞ্জিত এবং একপাক্ষিক।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক নির্মাণের বিরোধিতা করা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। সীমান্ত সড়ককে কৌশলগত অবকাঠামো হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জনসংহতি সমিতির প্রতিনিধিরা এসব উন্নয়নমূলক কার্যক্রমের বিরোধিতা করে আন্তর্জাতিক পরিসরে ভুল তথ্য উপস্থাপন করেছেন, যা অনভিপ্রেত।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যেকোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি বা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের বিরুদ্ধে সিএইচটি সম্প্রীতি জোট সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।