কক্সবাজারে হামে দুই শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৩ জনের
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
রবিবার (৩ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রামু উপজেলার বাসিন্দা মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমান এবং একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী মেয়ে ওয়াজিফা।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে ৭৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩ মে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হলে সেদিন রাত ৯টা ২০ মিনিটে সে মারা যায়।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ জন। এ সময়ে মারা গেছে ১৩ জন শিশু।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।