ভিসি অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, কার্যালয়ে তালা দিলো রাবিপ্রবি ছাত্রদল

ভিসি অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, কার্যালয়ে তালা দিলো রাবিপ্রবি ছাত্রদল

ভিসি অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, কার্যালয়ে তালা দিলো রাবিপ্রবি ছাত্রদল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. মো. আতিয়ার রহমানের বিরুদ্ধে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ভিসির প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। উপস্থিত ছিলেন সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্য শিক্ষক নিয়োগে আইন ও বিধি উপেক্ষা করে ব্যক্তিগত পছন্দ ও দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নষ্ট হয়েছে এবং প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার প্রভাববলয়ে চলে গেছে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে। বরাদ্দকৃত অর্থের অপব্যবহার, এক খাতের টাকা অন্য খাতে ব্যয় এবং জ্বালানি খাতে অতিরিক্ত উত্তোলনের মতো অভিযোগও উত্থাপন করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই প্রকল্প পরিচালক নিয়োগ এবং সংশ্লিষ্ট পদে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানোর অভিযোগও তুলে ধরেন ছাত্রদল নেতারা।

ভিসি অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, কার্যালয়ে তালা দিলো রাবিপ্রবি ছাত্রদল

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত বছরের ৫ আগস্ট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদদের উদ্দেশ্যে ছাত্রদলের দেওয়া ফুল ছুড়ে ফেলা হলেও একই দিনে অন্য একটি ছাত্র সংগঠনের অনুষ্ঠানে উপাচার্যের উপস্থিতি তার অবস্থানের দ্বৈততা প্রমাণ করে।

ছাত্রদল নেতারা দাবি করেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করছেন। তারা অবিলম্বে ভিসির অপসারণ অথবা স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান। নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি জেলায় অচলাবস্থা সৃষ্টি করা হবে।

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা ভিসি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে ভবনটিতে তালা ঝুলিয়ে দেন। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *