জলবায়ু অভিযোজনে পাহাড়ে সমন্বিত উদ্যোগের আহ্বান: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন
![]()
নিউজ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলা এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেছেন, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা ও জলবায়ুগত চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

সোমবার (৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমোড) এই সেমিনারের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরনে অস্বাভাবিক পরিবর্তন, দীর্ঘস্থায়ী খরা এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যাচ্ছে, যা বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবিকা ও কৃষিনির্ভর অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। এই প্রেক্ষাপটে কৃষি জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কৌশল গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা পর্যায়ের জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, ইসিমোডের হাই-কাস প্রকল্পের সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসিকা এমিলি ফুলউড থমাস, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব, প্রকল্পের ফোকাল মো. ইমরানুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ফাদাং তাং রান্ডাল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মে মে ন্যু মারমা এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রধান (যোগাযোগ ও অ্যাডভোকেসি) আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ অভিযোজন কৌশল গ্রহণের বিকল্প নেই।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।