ভারতের পাঞ্জাবে বিএসএফ সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক-উদ্বেগ
![]()
নিউজ ডেস্ক
ভারতের পাঞ্জাবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই ঘাঁটির বাইরে বিস্ফোরণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মূলত পার্ক করে রাখা একটি স্কুটারে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, পাঞ্জাবের জালন্ধরে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের ঠিক বাইরে পার্ক করে রাখা একটি স্কুটারে মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্কুটারের মালিক আহত হন। বিস্ফোরণের ধরণ এখনও স্পষ্ট নয়। পুলিশ আহত যুবক গুরপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করছে। তিনি একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কাজ করেন।
গুরপ্রীতের বাবা কাশ্মীর সিং আগে বিএসএফে কাজ করতেন। তিনি বলেন, ‘গুরপ্রীত শুধু বিএসএফ ও সেনাবাহিনীতে পার্সেল পৌঁছে দেয়। সে আমাকে ফোন করে জানায়, স্কুটার থেকে নামার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। তার মনে হয়েছে কেউ বোমা ছুড়ে মেরেছে। পরে পুলিশ তাকে নিয়ে যায়, এরপর আর তার সঙ্গে কথা বলতে পারিনি।’
অন্যদিকে আরেক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি বিএসএফ সদর দপ্তরের বাইরে পার্ক করে রাখা একটি অ্যাকটিভা স্কুটারে ঘটে। উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় এই ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বিকট শব্দ হয়, এরপর মুহূর্তেই স্কুটারটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। এটি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা নেয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুটারটির মালিক একজন খাবার সরবরাহকর্মী এবং তিনি নিয়মিত ডেলিভারির অংশ হিসেবে বিএসএফ এলাকায় প্রবেশ করেছিলেন। সেখান থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই স্কুটারটিতে বিস্ফোরণ ঘটে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। তবে পরিবারের দাবি, তার বিরুদ্ধে সন্দেহজনক কোনও তথ্য নেই এবং তিনি শুধু নিজের দৈনন্দিন কাজ করছিলেন।
পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বলেন, ‘রাত প্রায় ৮টার দিকে একটি অ্যাকটিভা স্কুটারে আগুন ধরে যায়। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি। স্কুটারের মালিক গুরপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।’
সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি নাকি বাহ্যিক কোনো হস্তক্ষেপ— সব সম্ভাবনাই তদন্তের আওতায় রয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা অস্বাভাবিক ছিল। সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একাধিক পানিবাহী ইউনিট ব্যবহার করতে হয়েছে।
ঘটনার পর বিএসএফ সদর দপ্তরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।