সু চিকে গৃহবন্দি রাখায় স্বচ্ছতা চায় ফিলিপাইন, আসিয়ানের বিশেষ দূতের সাক্ষাৎ দাবি
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের আটক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় সাজার বাকি অংশ কাটানোর অনুমতি দেওয়ার পর দেশটির প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে ফিলিপাইন।
বুধবার (৬ মে) এক বিবৃতিতে দেশটি জানায়, আসিয়ান-এর বিশেষ দূতকে যেন সু চির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় এবং পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা হয়।
এ বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব পালনকারী ফিলিপাইন বলেছে, এই পদক্ষেপগুলো মিয়ানমারের দীর্ঘমেয়াদি জাতীয় স্থিতিশীলতার জন্য আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হতে পারে। তবে একই সঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, প্রকৃত জাতীয় পুনর্মিলনের লক্ষ্যে সু চিকে তার পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়াও জরুরি।
ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তর জানায়, আসিয়ানের বিশেষ দূতের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করা হলে সকল পক্ষের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া সহজ হবে। এছাড়া আসিয়ান-এর ‘পঞ্চদফা ঐকমত্য’ কাঠামোর আওতায় মিয়ানমারে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াও ত্বরান্বিত হতে পারে বলে মত দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি আটক রয়েছেন। তার বিরুদ্ধে আনা একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। গত মাসে সাধারণ ক্ষমার আওতায় তার সাজার এক-ষষ্ঠাংশ কমানো হয় এবং একই প্রক্রিয়ায় তার মিত্র সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট মুক্তি পান।
এরপর গত ৩০ এপ্রিল মিয়ানমারের সামরিক জান্তা ঘোষণা দেয়, সু চিকে নির্ধারিত বাসভবনে গৃহবন্দি রেখে অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তার ছেলে কিম অ্যারিস এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, মায়ের নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক মহল দীর্ঘদিন ধরে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক সংলাপ ছাড়া দেশটির সংকট সমাধান সম্ভব নয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।