নাগাল্যান্ডের কোহিমায় বিদেশিদের তথ্য জানানো বাধ্যতামূলক, নতুন নির্দেশনা জারি
![]()
নিউজ ডেস্ক
ভারতের নাগাল্যান্ড রাজ্যের কোহিমা জেলার ডেপুটি কমিশনার অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা জারি করেছেন। সম্প্রতি জারি করা এ নির্দেশনায় ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলতে বলা হয়েছে।
রাজ্য সরকার ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জারি করা এ আদেশ অনুযায়ী, কোহিমা জেলার সব আবাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বিদেশি নাগরিক বা ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কারও আগমনের তথ্য নির্ধারিত রেজিস্ট্রেশন কর্মকর্তাকে জানাতে হবে।
নির্দেশনার আওতায় হোটেল, গেস্ট হাউস, হোমস্টে, ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাসা, হাসপাতাল ও নার্সিং হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদেশি অতিথিদের সঠিক তথ্য সংরক্ষণ করতে হবে এবং কর্তৃপক্ষ চাইলে তা উপস্থাপন করতে হবে।
এছাড়া হোস্টেল, বোর্ডিং হাউস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশি নাগরিকদের আবাসনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও একই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি নাগরিকদের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সীমান্ত নিরাপত্তা ও বিদেশি নাগরিকদের উপস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি নজরদারি বৃদ্ধি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।