ভারতের নৌবাহিনীর নতুন প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন
![]()
নিউজ ডেস্ক
ভারতের নৌবাহিনীর পরবর্তী প্রধান (চিফ অব নেভাল স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষ্ণ স্বামীনাথন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ওয়েস্টার্ন নেভাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ মে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন এবং ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ পদে থাকবেন।
তিনি বর্তমান নৌপ্রধান দিনেশ কে ত্রিপাঠি-এর স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২৪ সালের ৩০ এপ্রিল ২৬তম চিফ অব নেভাল স্টাফ হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের আগে ট্রিপাঠি ভাইস চিফ অব নেভাল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন ২০২৩ সালের ৬ অক্টোবর চিফ অব পার্সোনেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে ওয়েস্টার্ন নেভাল কমান্ডার হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি ওয়েস্টার্ন নেভাল কমান্ডের চিফ অব স্টাফ এবং নৌ সদর দপ্তরের কন্ট্রোলার পার্সোনেল সার্ভিসেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৭ সালের ১ জুলাই তিনি ভারতীয় নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ (কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার) বিষয়ে বিশেষজ্ঞ।
তার কর্মজীবনে তিনি একাধিক যুদ্ধজাহাজের অধিনায়ক ছিলেন। এর মধ্যে রয়েছে মিসাইল ভেসেল INS Vidyut ও INS Vinash, মিসাইল করভেট INS Kulish, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার INS Mysore এবং বিমানবাহী রণতরী INS Vikramaditya।
ফ্ল্যাগ র্যাঙ্কে উন্নীত হওয়ার পর তিনি কোচির সাউদার্ন নেভাল কমান্ডে চিফ স্টাফ অফিসার (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করেন এবং নৌবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি ইন্ডিয়ান নেভি সেফটি টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি ফ্ল্যাগ অফিসার সি ট্রেনিং এবং পরবর্তীতে ওয়েস্টার্ন ফ্লিটের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া অফশোর ডিফেন্স অ্যাডভাইজরি গ্রুপের ফ্ল্যাগ অফিসার এবং ভারত সরকারের অফশোর সিকিউরিটি ও ডিফেন্স উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন শিক্ষার্থী। এছাড়া তিনি যুক্তরাজ্যের শ্রিভেনহ্যামে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মহারাষ্ট্রের করঞ্জায় কলেজ অব নেভাল ওয়ারফেয়ার এবং যুক্তরাষ্ট্রের নিউপোর্টে ইউএস নেভাল ওয়ার কলেজে প্রশিক্ষণ নিয়েছেন।
শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টেলিকমিউনিকেশনে এমএসসি, কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে এমএ, মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমফিল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি।
তার অসামান্য সেবার জন্য তিনি ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ ও ‘বিশিষ্ট সেবা মেডেল’-এ ভূষিত হয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।