আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরাল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরাল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরাল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

শনিবার (৯ মে) নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরের বিভিন্ন শিবিরে নিয়ে যায়।

আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার অঞ্চলের পক্ষ থেকে মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় করা হয়। দীর্ঘ আলোচনা শেষে শনিবার তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বাহিনীর পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে।

তিনি আরও বলেন, ফেরত আসা জেলেদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এখনো যারা আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।