আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা
![]()
নিউজ ডেস্ক
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যে রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি নার্সিং ইন্সটিটিউট-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে কে রায় সড়ক হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল-এর নতুন ভবনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাকটর রেণুকা চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক হাবিব আজম। এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন লাবনী বড়ুয়া ও এশিয়া চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। রোগীর সেবাযত্ন, মানসিক সাহস জোগানো এবং চিকিৎসা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তাদের ভূমিকা অপরিসীম। অথচ অনেক ক্ষেত্রেই তাদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না। আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. নূয়েন খীসা বলেন, দক্ষ ও মানবিক নার্স তৈরি করা সময়ের দাবি। রোগীদের পাশে থেকে দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে নার্সরা চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তুলছেন। তাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।