ভারতে ভুয়া পাসপোর্ট ও জাল কাগজে জমি রেজিস্ট্রি: বাংলাদেশি নাগরিককে ৩ বছরের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলায় ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার ও জাল কাগজপত্রের মাধ্যমে অবৈধভাবে জমি রেজিস্ট্রি করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মে) পুলিশ জানায়, বিশেষ বিচারক রামকৃপাল সোমবার আব্দুল আমিন নামের ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার ওমবীর সিং।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ মার্চ বারাণসীর এটিএস ইন্সপেক্টর ভারত ভূষণ তিওয়ারির লিখিত অভিযোগের ভিত্তিতে বালিয়ার কোতোয়ালি থানায় আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্তে জানা যায়, আব্দুল আমিনের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি রোহিঙ্গা শিবিরে। তিনি ভারতের কিছু সহযোগীর সহায়তায় জালিয়াতির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন এবং পরে সেগুলো ব্যবহার করে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়া অঞ্চলের পুরুষোত্তমপুর এলাকায় অবৈধভাবে একটি জমি রেজিস্ট্রি করেন।
পুলিশ আরও জানায়, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আমিন একটি পাসপোর্টও সংগ্রহ করেন এবং সেই পাসপোর্টে ভ্রমণ করে দুইবার করে বাহরাইন ও সৌদি আরব সফর করেন।
ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।