নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে নতুন উৎসাহ: সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তাদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।