বান্দরবানে শেষ হলো তিনদিনের মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানিউল ফেরদৌস। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতায় নিজেদের মানিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও মানসম্মত সংবাদ পরিবেশনে আরও সক্ষম করে তুলবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা যেন দেশ ও জাতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে সঠিক তথ্য পৌঁছে দেন—এটাই প্রত্যাশা।
সমাপনী অনুষ্ঠানে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোট ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।