রাঙামাটিতে কোতোয়ালী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন, চুরি, দাঙ্গা সৃষ্টি ও গণউপদ্রবের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১১ জন মাদকসেবী, পাঁচজন চোর, একজন দাঙ্গা সৃষ্টির অভিযোগে এবং চারজন গণউপদ্রবের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১১ জন হলেন—উলুছড়ির স্বপন চাকমা (২৯), মধ্য বাঘাইছড়ির তোহিন চাকমা (২৯), রাঙ্গাপানির সুরমনি চাকমা (৩৪), বরকলের মনি চাকমা (৫৫), পাবলিক হেলথ এলাকার ধর্ম রতন চাকমা (৪০), ট্রাইবেল আদমের সমেন চাকমা ছোট (৫৩) ও সমর রতন চাকমা (৪৫), কলেজ গেইট এলাকার প্রীতম সেন (২২), রাঙামাটি শহরের মালিপাড়ার মিটন মালাকার (৪০) এবং নীলফামারীর ডিমলা থানার মধ্য ছাদনাই এলাকার মো. সোহেল রানা (২৪) ও মো. আব্দুল খালেক (৩১)।
দাঙ্গা সৃষ্টির অভিযোগে লংগদু থানার ১ নম্বর আঠারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. এনামুল হক (৩৬), লংগদুর রফিকুল ইসলাম বাপ্পি (৪০), খাগড়াছড়ি সদরের মো. আনোয়ার হোসেন (২০), রাঙামাটি সদরের ইয়াছিন আরাফাত রানা (২০) এবং আইনের সঙ্গে সংঘাতযুক্ত শিশু মিনতাজ রহমানকে (১৫)।
এ ছাড়া জনসাধারণের বিরক্তি ও উপদ্রব সৃষ্টির অভিযোগে খাগড়াছড়ির মো. জিয়াউর রহমান (৪৫), চট্টগ্রামের রাউজানের ইব্রাহিম খলিল (২৫), কক্সবাজারের চকরিয়ার বেবী আক্তার লাকী (৩০) এবং লংগদুর খুশি আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।