মেঘালয়ে ৩০ হাজার ডেটোনেটর জব্দ, আসামের ২ নাগরিক গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস জেলায় গভীর রাতে নাকা তল্লাশি অভিযানে ৩০ হাজার বিস্ফোরক ডেটোনেটর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আসামের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৩ মে ভোররাত প্রায় ২টা ৩০ মিনিটে উমকিয়াং গ্রামের অধীন ২ কিলো এলাকায় উমকিয়াং পুলিশ প্যাট্রোল পোস্টের একটি নাকা দল সিলচারের উদ্দেশ্যে যাওয়া একটি সাদা রঙের হুন্ডাই ইয়ন (নিবন্ধন নম্বর: AS-10-A-5916) গাড়িকে থামায়।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি কার্টন ও একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ডেটোনেটর উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, কোনো বৈধ অনুমোদন ছাড়াই এসব বিস্ফোরক পরিবহন করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামরুল আলি লস্কর ও ইব্রাহিম উদ্দিন লস্কর, দুজনই আসামের বাসিন্দা।
এ ঘটনায় লুমশ্নং থানায় ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) ৬১(২) ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিস্ফোরকের উৎস ও গন্তব্য শনাক্তের পাশাপাশি এর সঙ্গে জড়িত সম্ভাব্য চক্রের বিষয়ে তদন্ত চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।