ট্রাম্প-নেতানিয়াহু ও কুপারের মাথার দাম নির্ধারণ করল ইরান
![]()
নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্টকোমের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে ইরান। ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার এই তিনজনকে হত্যার জন্য যৌথভাবে ৫ কোটি ইউরো বা প্রায় ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান এব্রাহিম আজিজির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে এই তথ্য নিশ্চিত করেছে।
এব্রাহিম আজিজি জানান, ইরানের পার্লামেন্টে বর্তমানে ‘কাউন্টার-অ্যাকশন বাই অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ নামে একটি বিল তৈরির কাজ চলছে। এই বিলটিতেই সংবিধিবদ্ধভাবে ওই পুরস্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিলটি পাস হয়ে আইনে পরিণত হলেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই দেশটির সরকার এই কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান জানিয়েছেন, ট্রাম্প এবং নেতানিয়াহুকে ‘নরকে পাঠানো’ সংক্রান্ত বিলটির ওপর শিগগিরই পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের সরকারপন্থি সংবাদমাধ্যম মাসাফ জানিয়েছে, এই মাথার দাম ঘোষণার বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচার করার জন্য আলাদাভাবে আরও ৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।
এর আগেও ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে লক্ষ্য করে ইরান এ ধরনের প্রচার-প্রচারণা চালিয়েছিল। পূর্বের এক হুমকির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ভূমিকা নেবে এবং ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।