কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ইবোলা সংক্রমণ, নতুন করে উদ্বেগ
![]()
নিউজ ডেস্ক
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলের দক্ষিণ কিভু প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সন্দেহভাজন ইবোলা রোগীর সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নতুন এ ঘটনায় দেশটিতে চলমান ইবোলা প্রাদুর্ভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানানো হয়, দক্ষিণ কিভুতে অন্তত দুইজন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজনকে আইসোলেশনে রাখা হয়েছে, যার পরীক্ষার ফলাফল এখনো অপেক্ষাধীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে ইবোলার এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পূর্ব কঙ্গোর ইতুরি ও উত্তর কিভু অঞ্চলে এখন পর্যন্ত শত শত সন্দেহভাজন রোগী এবং শতাধিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
এদিকে দক্ষিণ কিভুর ওই এলাকা বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে ভাইরাস নিয়ন্ত্রণে সহযোগিতা করতে প্রস্তুত।
তবে সংঘাতপূর্ণ পরিস্থিতি, পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জামের অভাব এবং সহিংসতা ইবোলা প্রতিরোধ কার্যক্রমকে জটিল করে তুলছে বলে জানিয়েছে প্রথম সারির চিকিৎসা কর্মীরা।
বিশেষজ্ঞদের মতে, ঘনবসতিপূর্ণ এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়া এবং নিরাপত্তা সংকট পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
এদিকে, ইবোলার কার্যকর টিকা আসতে আরও ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে ইবোলা আরও বেশি ছড়িয়ে পরলে মহামারি আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।