মেঘালয়ে শুরু বহুজাতিক সামরিক মহড়া ‘প্রগতি-২০২৬’, অংশ নিল ১২ দেশের সেনাসদস্য
![]()
নিউজ ডেস্ক
ভারতের মেঘালয় রাজ্যের উমরই এলাকায় শুরু হয়েছে বহুজাতিক যৌথ সামরিক মহড়া ‘প্রগতি-২০২৬’-এর প্রথম আয়োজন। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় ১২টি বন্ধুত্বপূর্ণ দেশের ৪০০-এর বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছেন।
গত ২০ মে শুরু হওয়া এই মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর জন্য যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
মহড়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, অংশগ্রহণকারী সব দেশের সদস্যদের নিয়ে মিশ্র দল গঠন করা হয়েছে। এসব দল একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে এবং বিভিন্ন কৌশলগত কার্যক্রমে অংশগ্রহণ করছে।

গত তিন দিনে সেনাসদস্যরা পাহাড়ি ও জঙ্গলঘেরা এলাকায় রক ক্রাফট, অ্যাম্বুশ ও কাউন্টার-অ্যাম্বুশ মহড়া, স্লিদারিং, জঙ্গল লেন শুটিং এবং বাস ইন্টারভেনশন অনুশীলনে অংশ নিয়েছেন। এছাড়া স্নাইপার ও একে-২০৩ রাইফেল ফায়ারিং প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণকারী বাহিনীগুলোর অপারেশনাল দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো যায়।

সামরিক অনুশীলনের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমও অনুষ্ঠিত হয়েছে। বাস্কেটবল, ভলিবল ও রশি টানাটানির মতো খেলাধুলার মাধ্যমে দলগত সমন্বয়, পারস্পরিক আস্থা ও সামরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের চেষ্টা করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রগতি-২০২৬’ মহড়া আঞ্চলিক অংশীদার দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা গভীরতর করা, যৌথ প্রস্তুতি জোরদার এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
এদিকে পৃথক এক কর্মসূচির অংশ হিসেবে ভারতের সেনাবাহিনীর স্পিয়ার কর্পস ২৩ মে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার আলো এলাকায় আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ যোগব্যায়াম সেশনের আয়োজন করে।
এতে সেনাসদস্য, শিক্ষার্থী এবং হ্যাংপান দাদা মেমোরিয়াল ফুটবল ও ভলিবল টুর্নামেন্টে অংশ নেওয়া তরুণ খেলোয়াড়রা অংশ নেন। কর্মসূচিতে সহজ যোগব্যায়াম, শরীরের সঠিক অবস্থান, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শারীরিক সক্ষমতা, মানসিক ভারসাম্য, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি স্থানীয় তরুণদের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।