শান্তি-সম্প্রীতির আহ্বান দীপেন দেওয়ানের, পদত্যাগ ঘিরে উত্তেজনার মধ্যে ফেসবুক স্ট্যাটাস
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান পদত্যাগকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা, আবেগ ও উদ্বেগের মধ্যে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জনগণের প্রতি শান্তি, সম্প্রীতি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান এবং নিজের রাজনৈতিক অবস্থান ও আনুগত্য পুনর্ব্যক্ত করেন।
স্ট্যাটাসের শুরুতে তিনি বিভিন্ন ভাষায় সম্ভাষণ জানিয়ে পার্বত্য চট্টগ্রামের “সর্বস্তরের জনগণকে” উদ্দেশ করে বলেন, সাম্প্রতিক সময়ে তার পদত্যাগকে ঘিরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা তিনি গভীরভাবে অবগত। তিনি পাহাড়ি-বাঙালিসহ সব সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার।” একইসঙ্গে তিনি পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও আস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি তার পারিবারিক ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে উল্লেখ করেন যে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও দলের প্রতি তার আনুগত্য অটুট থাকবে।

দীপেন দেওয়ান স্পষ্টভাবে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা। এই দল আমি কখনো ত্যাগ করব না।” তিনি আরও জানান, জীবনের বাকি সময় তিনি দল, তার আদর্শ এবং দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।
স্ট্যাটাসে তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের উদ্দেশে আবারও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকতে পারে কিন্তু বিভেদ নয়, প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু সংঘাত নয়। তার মতে, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষকে উন্নয়ন ও সহাবস্থানের পথে এগিয়ে যেতে হবে।
দীপেন দেওয়ানের ফেসবুক স্ট্যাটাসটি এখানে।
শেষাংশে তিনি দেশের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের অধীনে “নতুন বাংলাদেশ বিনির্মাণে” এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আবারও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই তার “শেষ ঠিকানা”।
স্ট্যাটাসের শেষভাগে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে “সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দেন।
দীপেন দেওয়ান তার স্ট্যাটাসে নিজেকে সাবেক মন্ত্রী (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হিসেবে উল্লেখ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।