আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর
![]()
নিউজ ডেস্ক
দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত একটি আধা-পাকা ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) রাঙামাটির রাজস্থলী উপজেলার চুশাকপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঘরটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-র পক্ষে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়হানুল ইসলাম ঘরটি হস্তান্তর করেন।
জানা যায়, খই খই সাই মারমা দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে একটি জীর্ণশীর্ণ বাঁশের বেড়ার ঘরে বসবাস করছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করলেও তার পরিবারের আবাসন পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এলে রাঙামাটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে তার পরিবারের জন্য একটি স্থায়ী আবাসন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

সূত্র জানায়, জেলা প্রশাসক নাজমা আশরাফী পূর্বে সরেজমিনে চুশাকপাড়া পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য একটি নিরাপদ আবাসন নির্মাণের আশ্বাস দেন। পরবর্তীতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের তদারকিতে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে ঘরটি পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে কাপ্তাই খাদ্য বিভাগের ওসিএলএসডি পলাশ, স্থানীয় ইউপি সদস্য ক্যাসাচিং মারমা, নুরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মান জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু একজন ক্রীড়াবিদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতিই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণার উৎস।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকার একজন ক্রীড়াবিদের পরিবারের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা মানুষদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।