সুবলংয়ে লঞ্চের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বোটডুবি, শিশুসহ ১২ যাত্রী উদ্ধার

সুবলংয়ে লঞ্চের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বোটডুবি, শিশুসহ ১২ যাত্রী উদ্ধার

সুবলংয়ে লঞ্চের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বোটডুবি, শিশুসহ ১২ যাত্রী উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বরকল উপজেলার সুবলং এলাকায় যাত্রীবাহী একটি বোটের সঙ্গে লঞ্চের সংঘর্ষে বোটটি ডুবে গেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় শিশুসহ বোটে থাকা ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে বরকল উপজেলার সুবলং বাজার সংলগ্ন কাপ্তাই হ্রদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনীমুখ এলাকা থেকে রাঙামাটিগামী একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে রাঙামাটি থেকে বরকলগামী একটি যাত্রীবাহী বোটের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে বোটটি হ্রদের পানিতে ডুবে যায়। এ সময় বোটটিতে শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য নৌযান ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। হ্রদে পানির স্তর তুলনামূলক কম থাকায় এবং ঘটনাস্থলের আশপাশে একাধিক বোট অবস্থান করায় অল্প সময়ের মধ্যেই সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, “সকালে মাইনী থেকে রাঙামাটিগামী একটি লঞ্চের সঙ্গে রাঙামাটি থেকে বরকলগামী যাত্রীবাহী বোটের সংঘর্ষ হয়। এতে বোটটি ডুবে যায়। বোটে শিশুসহ ১২ জন যাত্রী ছিলেন। দ্রুত সবাইকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।”

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, “নৌ-দুর্ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে। বোটে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।”

ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এলেও কাপ্তাই হ্রদে নৌযান চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, বর্ষা মৌসুমকে সামনে রেখে যাত্রীবাহী নৌযানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *