দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
সদ্য সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির মাত্র তিন মাসের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘটনা সাধারণ কোনো প্রশাসনিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন বৈষম্য, জাতিগত সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে দীপেন দেওয়ান একটি গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। মন্ত্রিত্ব গ্রহণের পর তিনি পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীকে একসঙ্গে নিয়ে উন্নয়ন ও সম্প্রীতির যে দর্শন সামনে এনেছিলেন, তা পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, জাক ইসথেটিক কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, সমাজকর্মী গৌরিকা চাকমা, রাঙামাটি আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুম এবং মারমা সংস্কৃতি সংস্থার সভাপতি মংসুই প্রু মারমাসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, দীপেন দেওয়ান পাহাড়ের চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে ‘রেইনবো নেশন’ বা বহুবর্ণের জাতিসত্তার স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালিসহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে তার পদত্যাগ গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাকে দায়িত্ব থেকে সরে যেতে হওয়ায় উন্নয়ন ও জনআকাঙ্ক্ষার ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে সসম্মানে পূর্বের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান। একইসঙ্গে তারা সরকারের প্রতি পার্বত্য অঞ্চলের মানুষের অনুভূতি ও প্রত্যাশার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।