জুরাছড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ লাখ টাকার দুটি মিনি পাওয়ার টিলার জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ জুন) দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। পরে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করা হয়।
জব্দকৃত মিনি পাওয়ার টিলারগুলোর আনুমানিক সিজারমূল্য চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির নিয়মিত নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।