খাগড়াছড়ির গুইমারায় চাকরির প্রলোভন দেখিয়ে স্বজাতির মারমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার এক মারমা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে স্বজাতির কয়েকজনের বিরুদ্ধে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভুক্তভোগী ওই নারী বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার বাসিন্দা উসাইন্দা মারমা (৩০)-কে একই ইউনিয়নের বড়ইতলী এলাকার ম্রাসা মারমা (৩৮) ও তার সহযোগীরা আকিজ গ্রুপে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে গত ১৩ জুন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সূত্র জানায়, ঘটনার পরদিন ১৪ জুন ভুক্তভোগী মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও ধর্ষণের বিষয়টি গোপন রাখা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা অব্যাহত রাখেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১৭ জুন) তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগীকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ভুক্তভোগীর খালা নাইউক্রা মারমা হাসপাতালে তার সঙ্গে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পূর্বে বিবাহিত ছিলেন, তবে পারিবারিক কারণে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।