পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূলের দলীয় কার্যালয়
![]()
নিউজ ডেস্ক
উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ‘বুলডোজার মডেল’ এবার পশ্চিমবঙ্গেও। রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে চলল বুলডোজার। জমি জবরদখল করে গড়ে ওঠা রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিলো প্রশাসন।
বুধবার (২৪ জুন) ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ২০ নম্বর, ১৪ নম্বর, দুই নম্বর এবং আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়গুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছিল দমকল বাহিনীর সদস্যদেরও। প্রশাসনের দাবি, এসব দলীয় কার্যালয় সম্পূর্ণ বেআইনিভাবে, সরকারি জমি জবরদখল করে তৈরি করা হয়েছিল।
এদিকে এই উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেস নেতা রমেশ সাউ। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে এই কার্যালয়টি ভাঙা হয়েছে। অথচ এটা পিডব্লিউর জায়গা নয়। জমিটি সুধীর সাহা নামে এক ব্যক্তির ছিল, যেখানে তার একটি সাইকেল মেরামতের দোকান ছিল। বয়স হয়ে যাওয়ায় তিনি আর দোকান চালাতে পারছিলেন না। পরে তার ছেলে জমিটি বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলে আমি তা কিনে নেই।
হতাশা প্রকাশ করে রমেশ সাউ আরও বলেন, দলীয় কার্যালয় যে আজ ভাঙা হবে, তা আমি আগে থেকে জানতাম না। এসে দেখি বুলডোজার দিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এখন বললে তো আর তারা শুনবে না বা থামবে না! সরকার চাইলে আমার বাড়িও ভেঙে দিতে পারে, তা আটকানোর ক্ষমতা আমার নেই। নিজের জমি হলেও ভাঙলে আমি আটকাতে পারব না। দলবদলের কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটছে। এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনের দ্বারস্থ হব।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।