বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণে উদ্যোক্তা ও চাষীদের সঙ্গে মতবিনিময় সভা
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ে মাশরুম চাষ সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে বান্দরবানে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের উদ্যোগে বান্দরবান হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবানের মাটি, আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পাহাড়ে মাশরুম উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, মাশরুম একটি সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য। এটি মাছ ও মাংসের বিকল্প নিরাপদ আমিষের অন্যতম উৎস এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় আটটি অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। নিয়মিত মাশরুম খেলে হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে, হাড় মজবুত রাখে, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ‘ডি’-এর চাহিদা পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি মাশরুম চাষে এগিয়ে এসে এর ব্যাপক বাজার সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক আখতার জাহান কাঁকন, সিনিয়র মনিটরিং অফিসার রিপন প্রসাদ সাহা, বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ, কৃষি বিভাগের কর্মকর্তাসহ বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকার মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন জাতের মাশরুমের প্রদর্শনী পরিদর্শন করেন এবং চাষীদের সঙ্গে মতবিনিময় করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।