শীলখালীতে পিকআপ থেকে ৪৬ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, পাচারকারী গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের শীলখালী এলাকায় মাছবোঝাই একটি মিনি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় আনুমানিক ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ জুন) সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে এ ইয়াবার চালান উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. শফিক (৩৮)।
বিজিবি জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করতে গেলে চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করে।
পরবর্তীতে অতিরিক্ত চাকার ভেতরে কালো কসটেপ দিয়ে মোড়ানো ২৩টি মিনি কাট উদ্ধার করা হয়। সেগুলো গণনা করে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। পরে তার শরীর ও গাড়িতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।