মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিরাপ জব্দ
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজিবি জানায়, সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করা হয়। এ সময় তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি (Made in Italy) দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।