পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য সংরক্ষণে ইউএনডিপির দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং মনিটরিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে জীববৈচিত্র্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইউএনডিপি। রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালা পার্বত্য চট্টগ্রামে ইকোসিস্টেম পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, ইউএনডিপির কনসালট্যান্ট মংহ্লা ম্যান্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর শ্যামুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়নাধীন ইকোসিস্টেম রিস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (ERRD-CHT) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে বাঘাইছড়ির সাজেক এলাকার পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। কর্মশালায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা, ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।