সেন্টমার্টিন সমুদ্র থেকে ১০ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিস্তীর্ণ সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করে বাহিনীটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেকে নিয়ে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেটি ভাসতে থাকে।পরে দুপুর ১টার দিকে বোটে থাকা একজন মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর কাছে সহায়তা চান। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
অভিযানে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।