রেতলাংয়ে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান, পর্যটকদের সতর্ক থাকার আহ্বান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি যৌথ গোপন আস্তানাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পূর্বে জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএ ও ইউপিডিএফ সন্ত্রাসীরা গোপন আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
আইএসপিআর জানায়, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার বা বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের জন্য পূর্বে জারি করা নির্দেশনা পুনরায় অনুসরণের আহ্বান জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। গত ২৫ মে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের সব দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সন্ধ্যার আগেই জেলা বা উপজেলা সদর এলাকায় ফিরে আসতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদনহীন পর্যটন স্পট কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ভ্রমণপথ ব্যবহার করা যাবে না। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভ্রমণকালে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের জারি করা নির্দেশনাগুলো কার্যকর থাকবে এবং সবাইকে সেগুলো মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।