সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে মুগলিপাড়ায় বিজিবির মতবিনিময় সভা
![]()
নিউজ ডেস্ক
ভারত থেকে সম্ভাব্য পুশইন প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রাঙামাটির বাঘাইহাট সীমান্ত এলাকায় মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জুলাই) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়কের দিকনির্দেশনায় নিউ শিয়ালদাহপাড়া টিওবির উদ্যোগে মুগলিপাড়া এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নিউ শিয়ালদাহপাড়া টিওবির ক্যাম্প কমান্ডার।
মতবিনিময় সভায় মুগলিপাড়া এলাকার কারবারী কল্পরঞ্জন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা অংশগ্রহণ করেন। সভায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্তসংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলোচনা করা হয়।
সভায় বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে ভারত থেকে যাতে কোনো ধরনের অবৈধ পুশইন না ঘটে এবং কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। সীমান্ত আইন মেনে চলা এবং যেকোনো সন্দেহজনক চলাচল সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া গেলে দ্রুত নিউ শিয়ালদাহপাড়া টিওবির ক্যাম্প কমান্ডার বা নিকটস্থ বিজিবি সদস্যদের জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়।
বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সীমান্তকে নিরাপদ রাখা এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সীমান্ত এলাকায় এ ধরনের মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।