কক্সবাজারে হামে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে হামের উপসর্গে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যার মধ্যে তিনজনই রোহিঙ্গা শিশু।
শনিবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশু আরফান (১৩ মাস) উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নবী হোছনের ছেলে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, সারাদেশে হামের প্রাদুর্ভাবের শুরুর দিকে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক ছিল। তবে গত এক মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় হামের উপসর্গে মৃত্যুর হার কমে আসে। কিন্তু গত ২১ জুন এক শিশুর মৃত্যুর পর ১৩ দিনের ব্যবধানে আবারও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “গত বুধবার (১ জুলাই) হামের উপসর্গ নিয়ে আরফানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি জ্বর, কাশি, খিঁচুনি, নিউমোনিয়া এবং রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত জটিলতায় ভুগছিল। বৃহস্পতিবার মধ্যরাতের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।”
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজারে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।