রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন, ৬ দিনের আল্টিমেটাম চালকদের
![]()
নিউজ ডেস্ক
রুট পারমিট ও নিবন্ধনবিহীন অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈধ অটোরিকশা চালক ও মালিকরা। এ সময় দাবি বাস্তবায়নে প্রশাসনকে ছয় দিনের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ না হলে আগামী রোববার থেকে শহরে সব বৈধ অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক প্রতিনিধি মো. রনি।

বক্তারা অভিযোগ করেন, মাত্র ১০ কিলোমিটার আয়তনের রাঙামাটি শহরে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০টি বৈধ অটোরিকশা চলাচল করছে। এর বাইরে আরও অন্তত এক হাজারের বেশি রুট পারমিট ও নিবন্ধনবিহীন অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে, যা বৈধ চালকদের জীবিকা ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তাদের দাবি, অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। বক্তাদের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি মাসোহারার বিনিময়ে এসব অবৈধ যানবাহন চলাচলে সুযোগ করে দিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে রাঙামাটি শহরে চলাচলকারী সব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় রোববার থেকে শহরের সব বৈধ অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
বক্তারা বলেন, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো অরাজকতা সৃষ্টি করা নয়; বরং আইন অনুযায়ী বৈধ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং নিবন্ধিত চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, রাঙামাটি শহরের অভ্যন্তরীণ যাতায়াতের প্রধান এবং কার্যত একমাত্র গণপরিবহন হলো অটোরিকশা। ফলে চালকদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে শহরের স্বাভাবিক জনজীবন ও যাতায়াতে ব্যাপক ভোগান্তির আশঙ্কা তৈরি হতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।