টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা প্রায় ৬০০ পর্যটক
![]()
নিউজ ডেস্ক
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাজেকে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উপজেলার মাস্টারপাড়া, বটতলী, লাইল্যাঘোনা, বাঘাইহাট ও মাচালং এলাকার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় পাহাড়ধসে সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে উপজেলা সদরের সঙ্গে রূপকারী ইউনিয়নের সড়কেও পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাঘাইছড়ি পৌরসভার প্রকৌশল দল ঘটনাস্থলে গিয়ে ধসে পড়া মাটি অপসারণের কাজ শুরু করে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সাজেক ভ্যালীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সেখানে অবস্থানরত প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে ৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।