ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
বুধবার (৮ জুলাই) রাতে রাঙামাটি পার্বত্য জেলা শহরের ভেদভেদী এলাকার লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং আশ্রয় নেওয়া মানুষের মাঝে রাতের খাবার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার আরও কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠীর সমান উন্নয়ন নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ (রংধনুর জাতি) গড়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য তিনি রাঙামাটিতে এসেছেন। ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য তাৎক্ষণিকভাবে মোট ১ হাজার ৩০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে আর্থিক সহায়তাও দেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত চার দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।